উত্তর : প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে লিপি একটি গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। লােহা, সােনা, তামা, ব্রোঞ্জ, মাটির তৈরি নানা দ্রব্যাদি, ইট, পাথর, ঘরবাড়ি ও মন্দির গাত্রে উৎকীর্ণ নানা লিপি থেকে ইতিহাসের প্রচুর গুরুত্বপূর্ণ উপাদান সংগৃহীত হয়েছে। ঐতিহাসিক স্মিথের মতে, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে লিপি সর্বশ্রেষ্ঠ ও সর্বপ্রধান স্থানের অধিকারী। ঐতিহাসিক ড. রমেশচন্দ্র মজুমদারের মতে, প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাস রচনায় লিপির গুরুত্ব সর্বাধিক। যুদ্ধবিগ্রহ, জন্মমৃত্যু বা বিশেষ কোনাে ঘটনাকে স্মরণীয় করে রাখা, মন্দির নির্মাণ, ভূমিদান, ধর্মপ্রচার বা রাজকীয় নির্দেশ প্রচার প্রভৃতি বহু উদ্দেশ্যে লিপি উৎকীর্ণ হত। এইসব লিপিগুলি ইতিহাসের অমূল্য সম্পদ।
Tags
History
