উত্তর: ‘ রাজনীতি’ এই বাংলা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল ‘Politics'। ব্যুৎপত্তিগতভাবে, ইংরেজি শব্দ ‘Politics' এসেছে দুটি গ্রিক শব্দ থেকে। এই দুটি গ্রিক শব্দ হল Polis' এবং ‘Polites'। এখানে ‘Polis শব্দের অর্থ হল নগররাষ্ট্র (City State) এবং ‘Polites' শব্দের অর্থ হল সরকার (Government) অথবা সংবিধান (Constitution)। সেই থেকেই রাজনীতির অর্থ দাঁড়িয়েছে সরকার। অর্থাৎ রাজনীতির চর্চা বলতে বােঝানাে হয়েছে সরকার ও সংবিধান ইত্যাদির পর্যালােচনা।
সাধারণভাবে ও প্রচলিত অর্থে রাজনীতির অর্থ ‘ রাজার নীতি বা রাষ্ট্রের নীতি অথবা রাষ্ট্র ও তার অধিবাসীদের কল্যাণসাধনের উদ্দেশ্যে গৃহীত ও অনুসৃত নীতি। কিন্তু আধুনিককালে রাজনীতি বলতে রাষ্ট্র ও সরকারের সঙ্গে সংযুক্ত বিষয়াবলি ও কর্মকাণ্ড ছাড়াও অ-রাষ্ট্রীয় কাজকর্মকে বােঝানাে হয়ে থাকে। যেমন, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ রাজনীতি বলতে রাজনৈতিক প্রবাহ বা প্রক্রিয়া এবং ব্যক্তি ও গােষ্ঠীর রাজনৈতিক আচরণের সঙ্গে সংযুক্ত বিষয়াবলিকেই বুঝিয়ে থাকেন। তারা প্রভাব ও প্রভাবশালী, ক্ষমতা ও ক্ষমতার বণ্টন, দ্বন্দ্ব ও তার মীমাংসা, মূল্যের কর্তৃত্বমূলক বণ্টন ইত্যাদির সঙ্গে সংযুক্ত কাজকর্ম ও প্রক্রিয়াকে রাজনৈতিক আচরণ ও প্রক্রিয়া বলে অভিহিত করে থাকেন। এর ফলে এমন অনেক বিষয় ও প্রক্রিয়াকে রাজনৈতিক, বলে আখ্যায়িত করা হত যেগুলিকে প্রথাগতভাবে বা সাবেকি অর্থে অ-রাজনৈতিক প্রকৃতির বলে মনে হত। .
যেমন—বিচারকদের ভূমিকা ও বিচারবিভাগীয় কাজকর্ম। বর্তমানে একধরনের অ-রাজনৈতিক রাজনীতির (non-political politics) ধারণার উদ্ভব ঘটেছে। পরিণামে, রাজনীতির বৃত্তটি ক্রমশ প্রসারিত হচ্ছে এবং বিভিন্ন ধরনের সামাজিক ও অ-রাষ্ট্রীয় কাজকর্ম রাজনৈতিক আখ্যায় আখ্যায়িত হয়ে রাষ্ট্রবিজ্ঞান চর্চার ক্ষেত্রটিকে ক্রমশ প্রসারিত করে চলেছে। তবে মার্কসবাদীগণ একটু ভিন্ন অর্থে রাজনীতির ব্যাখ্যা দিয়েছেন। মার্কসবাদীদের মতে, ‘শ্রেণি’ বিভক্ত সমাজব্যবস্থায় রাজনীতি হল রাষ্ট্র ক্ষমতা দখলের লড়াই। তাই সমন্বয় ও কল্যাণ নয়, দ্বন্দ্ব ও বিরােধই হল মার্কসীয় রাজনীতির মূল কথা। মার্কসবাদী তাত্ত্বিক র্যালফ মিলিব্যান্ডের মতে, মার্কসীয় রাজনীতি তত্ত্বের মূলে আছে দ্বন্দ্ব ও সংঘাতের ধারণা।
পরিশেষে বলা যায় যে, রাজনীতি হল এমন এক প্রক্রিয়া, যা মূলত ক্ষমতা প্রতিষ্ঠার কথা বলে। তবে আধুনিক রাজনীতি ক্ষমতার দ্বন্দ্ব ছাড়াও সংহতি, সহযােগিতা, সমন্বয় প্রভৃতির ওপরেও গুরুত্ব আরােপ করে।
Tags
Political Science
