উত্তর : সম্মিলিত জাতিপুঞ্জ একটি রাষ্ট্র নয়। সম্মিলিত জাতিপুঞ্জ প্রকৃতপক্ষে একটি আন্তর্জাতিক সংস্থা। আন্তর্জাতিক আইন অনুসারে গঠিত এই সংস্থাকে রাষ্ট্রের অনুরূপ বৈশিষ্ট্যগুলির সাপেক্ষে অনেকে রাষ্ট্র হিসেবে গণ্য করেন। কিন্তু অধিকাংশ রাষ্ট্রবিজ্ঞানীই এইরূপ বক্তব্যের তীব্র বিরােধিতা করেন। উভয় প্রকার বক্তব্যের মধ্যে তুলনামূলক আলােচনার মাধ্যমে এই বিষয়ে প্রকৃত সিদ্ধান্তে পৌঁছােনাে সম্ভব।
■ সাদৃশ্য :
(i) যে-কোনাে স্বাধীন রাষ্ট্রের যেমন নিজস্ব সংবিধান রয়েছে, তেমনি সম্মিলিত জাতিপুঞ্জের 111টি ধারা ও প্রস্তাবনাসহ সনদ বা Charter রয়েছে।
(ii) রাষ্ট্র পরিচালনার জন্য যেমন আইনবিভাগ, শাসনবিভাগ ও বিচারবিভাগ সংবলিত সরকার থাকে; সম্মিলিত জাতিপুঞ্জের তেমনি সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অছিপরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইত্যাদি রয়েছে।
■ সম্মিলিত জাতিপুঞ্জকে ‘ রাষ্ট্র’ না বলার কারণ : সম্মিলিত জাতিপুঞ্জকে রাষ্ট্র না বলার কারণ—
(i) প্রত্যেক রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড থাকলেও সম্মিলিত জাতিপুঞ্জের নিজস্ব কোনাে ভূখণ্ড নেই। (ii) রাষ্ট্রের সদস্য হওয়া তার প্রত্যেক নাগরিকের ক্ষেত্রে বাধ্যতামূলক হলেও সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ করা তার সদস্যদের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়।
(iii) প্রত্যেক রাষ্ট্রের নির্দিষ্ট সংখ্যক জনসমষ্টি থাকে, কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের সেইরূপ কোনাে জনসমষ্টি নেই।
(iv) সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হল সম্মিলিত জাতিপুঞ্জের সার্বভৌমিকতা নেই। নিজের যে-কোনাে সিদ্ধান্ত বা নীতি নির্ধারণের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জ নিজ সভ্য বা সদস্যদের বাধ্য করতে পারে না।
সামগ্রিক বিচারে তাই জাতিপুঞ্জকে একটি রাষ্ট্র হিসেবে অভিহিত করা যায় না। প্রকৃতপক্ষে এটি হল বিভিন্ন সার্বভৌম রাষ্ট্রকে নিয়ে গঠিত রাষ্ট্র সমবায় বা একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ফলে অন্যান্য যে-কোনাে আন্তর্জাতিক সংস্থার তুলনায় এর ক্ষমতা ও প্রভাব যথেষ্ট বেশি।
Tags
Political Science
