উত্তর: ৫২৭ খ্রিস্টাব্দে সম্রাট জাস্টিনের মৃত্যুর পর তাঁর পোষ্যপুত্র জাস্টিনিয়ান সম্রাট হন। তাঁর রাজত্বকালে তিনি নানাবিধ কার্যাবলির জন্য ইতিহাসে অমর হয়ে আছেন। তাঁর স্মরণীয় কার্যাবলির মধ্যে উল্লেখযােগ্য হল—সাম্রাজ্য বিজেতা রূপে সাম্রাজ্য বিস্তার, আইন সংকলন, স্থাপত্যের পৃষ্ঠপােষকতা প্রভৃতি।
■ সাম্রাজ্য বিস্তার: জাস্টিনিয়ান তার রণনিপুণ সেনাপতি বেলিসেরিয়াসের নেতৃত্বে এক শক্তিশালী সেনা ও নৌবাহিনী গড়ে তােলেন। এই বাহিনীর সাহায্যেই তিনি উত্তর আফ্রিকার ভ্যান্ডাল রাজ্য ধ্বংস করে কার্থেজ জয় করেন। ৫৩৬ খ্রিস্টাব্দে তিনি রােম জয় করেন, ইটালি থেকে অস্ট্রোগথ ও স্পেন থেকে ভিসিগথদের বিতাড়ন করেন। বেলিসেরিয়াসের নেতৃত্বে পারস্যের বিরুদ্ধে ২২ বছর যুদ্ধের পর চুক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল।
■ আইন সংকলন: জাস্টিনিয়ান রােমে প্রচলিত বিভিন্ন আইনবিধিকে সংকলন করার জন্য আইনজ্ঞ ট্রিবােনিয়ামের নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। এই কমিটি তিন বছর পরিশ্রম করে আইনগুলিকে সংকলন ও সরল করে। একে বলা হয় কোড জাস্টিনিয়ান।
■ শিল্প স্থাপত্যের পৃষ্ঠপােষকতা : শিল্প স্থাপত্যের অন্যতম পৃষ্ঠপােষক জাস্টিনিয়ান অগ্নিদগ্ধ সেন্ট সােফিয়া গির্জার পুনর্নির্মাণ করেন। সাম্রাজ্যের বিভিন্ন স্থানে প্রচুর গির্জা, মঠ ও দুর্গ নির্মাণ করেন। তাঁর রাজত্বকালে বাইজানটাইন মিনার কাজ ও মােজাইক শিল্পের জন্য বিখ্যাত ছিল।
Tags
History
