উত্তরঃ
সাময়িকপত্রের ইতিহাস: বাংলা ভাষায় মুদ্রিত ও প্রকাশিত প্রথম পত্রিকাটির নাম ‘ দিগদর্শন’। শ্রীরামপুর মিশনের উদ্যোগে ‘ দিগদর্শন’ (সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান) প্রথম প্রকাশিত হয় ১৮১৮ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে। ছাত্রপাঠ্য বিষয়ের দিকে আকর্ষণ বেশি থাকায় এই পত্রিকাটি সাময়িক পত্রিকার বৈশিষ্ট্য ততখানি অর্জন করতে পারেনি। দিগদর্শন’ প্রকাশের কিছুদিন পরেই ১৮১৮ খ্রিস্টাব্দের ১৪ মে হরচন্দ্র রায় এবং গঙ্গাকিশাের ভট্টাচার্যের প্রবর্তনায় প্রকাশিত হয় বাঙ্গাল গেজেটি’বাঙালির চেষ্টায় প্রকাশিত প্রথম বাংলা পত্রিকা।
স্বল্পকালমাত্র স্থায়ী বাঙ্গাল গেজেটি’ প্রকাশের কয়েকদিন পরেই ১৮১৮ খ্রিস্টাব্দের ২৩ মে শ্রীরামপুরের মিশনারিদের উদ্যোগে প্রকাশিত হয় সমাচার দর্পণ (সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান)। সমাচার দর্পণ’কে বলা যায় বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র। সমকালীন বাংলাদেশের ভাষা, সাহিত্য, শিক্ষা, সমাজ, রাজনীতি, ধর্ম ইত্যাদি নানা বিষয়ে লেখা প্রকাশিত হত ‘সমাচার দর্পণ’-এর পৃষ্ঠায়। রামমােহন রায় ১৮২১ খ্রিস্টাব্দে ব্রাহ্ণ সেবধি’ নামে একটি মাসিক পত্রিকা এবং ১৮২১ খ্রিস্টাব্দের ৪ ডিসেম্বর ‘সম্বাদ কৌমুদী’ নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। কিছুদিনের মধ্যে রামমােহনের সঙ্গে ভবানীচরণের মতপার্থক্য দেখা দিলে প্রতিষ্ঠাতা সম্পাদক ভবানীচরণ সম্বাদ কৌমুদী’র সংস্রব ত্যাগ করে ১৮২২ খ্রিস্টাব্দে সমাচার চন্দ্রিকা' নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন।
‘সম্বাদ প্রভাকর পত্রিকাটি বাংলা সাময়িকপত্রের জগতে যুগান্তর এনে দেয়। কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় ১৮৩১ খ্রিস্টাব্দের ২৮ জানুয়ারি ‘সম্বাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়। এটি প্রথমে সাপ্তাহিক, পরে বারত্রয়িক এবং তারপরে দৈনিক পত্রিকারূপে (১৮৩৯) প্রকাশিত হতে থাকে। বাংলা ভাষায় প্রকাশিত এটিই প্রথম দৈনিক সংবাদপত্র। ১৮৪৩ খ্রিস্টাব্দে তত্ত্ববােধিনী সভার মুখপত্ররূপে অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় ‘তত্ত্ববােধিনী পত্রিকা, ১৮৫১ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় রাজেন্দ্রলাল মিত্রের ‘বিবিধার্থ সংগ্রহ। বিবিধার্থ সংগ্রহ'ই বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সচিত্র মাসিক পত্রিকা—জ্ঞান-বিজ্ঞান ও পুরাতত্ত্বের আলােচনায় পত্রিকাটি বিশিষ্ট ভূমিকা গ্রহণ করেছিল।
এইভাবে বাংলা ভাষায় পত্রপত্রিকা প্রকাশের যে ধারাটি বয়ে চলেছিল তার চরম উৎকর্ষ লক্ষ করা যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শন' পত্রিকায় (১৮৭২)। বাংলা সাহিত্যিক গদ্যরীতির আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে বঙ্গদর্শন’ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল।
Tags
Bengali
